ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুমকি সিরিয়ার

ছবি: সংগৃহীত
ইহুদিবাদী ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়ায় মাঝেমধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপর বহিঃশক্তির হামলার জবাব দেয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সেনা নিহত হওয়ার পর একইদিন গুতেরেসের কাছে ওই চিঠি পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘নির্লজ্জ এবং কাপুরুষোচিত আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের দফতর থেকে এ হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয়েছে। স্বাধীন-সার্বভৌম দেশের ওপর আগ্রাসন না চালানোর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে তা মেনে চলতে ইসরাইলকে বাধ্য করারও আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
Comments
Post a Comment