৮ আগস্ট ১৯৭১: মুক্তিবাহিনীর সফল ‘ফার্মগেট অপারেশন’

ফার্মগেটে সেদিন ৫ পাকসেনা এবং ৬ রাজাকার নিহত হয়।ফাইল ছবি
১৯৭১ সালের ৮ আগস্ট দিনটি ছিল রবিবার। এদিন রাত ৮ টার পরপরই হলিক্রস স্কুল পেরিয়ে ফার্মগেটের মুখে ২ নম্বর সেক্টরের কয়েকজন গেরিলা, বদিউল আলম বদি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুল আলম, পুলু , কামরুল হক স্বপন এবং আবদুস সামাদ ক্ষিপ্র গতিতে একটি টয়োটা সেডান গাড়ি থেকে নেমে আসেন, চোখের পলকে তাদের হাতের পাঁচটি স্টেনগান ও এলএমজি গর্জে ওঠে। মুহূর্তেই ৫ পাকসেনা এবং ৬ রাজাকার নিহত হয়।
সুনামগঞ্জ মহকুমার জামালগঞ্জের সাচনায় পাকিস্তানী বাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি আক্রমণে নিঃশব্দে এগিয়ে চলা একদল মুক্তিযোদ্ধার উপর পাকিস্তানী সেনারা বাংকার থেকে ব্যাপক গুলি শুরু করে। আকস্মিক এ ঘটনায় মুক্তিযোদ্ধারা কিছুটা হকচকিত হলেও পাল্টা আক্রমণ চালায়। প্রবল গুলির কারণে সামনে এগোতে পারছিল না মুক্তিযোদ্ধারা, হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছিল। এ অবস্থায় মুক্তিসেনা সিরাজুল ইসলাম সহযোদ্ধাদের আর না এগিয়ে ওই অবস্থানে থেকে গুলি চালাতে বলে এবং কয়েকটি গ্রেনেড নিয়ে একাই ক্রল করে এগিয়ে গিয়ে সফলতার সঙ্গেই গ্রেনেড চার্জ করে শত্রুর দুটি বাংকার ধ্বংস করে। পাকিস্তানী সেনাদের তৃতীয় বাংকারে গ্রেনেড চার্জ করতে গেলে শত্রুর একটি গুলি এসে লাগে সিরাজুল ইসলামের শরীরে। সেদিনের এ যুদ্ধে সিরাজুল ইসলামসহ ছয়জন মুক্তিযোদ্ধা শহিদ এবং কয়েকজন আহত হন। পাকিস্তানী বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। (স্বাধীনতার পর শহিদ সিরাজুল ইসলাম বীর বিক্রম খেতাবে ভূষিত হন।)
Comments
Post a Comment